চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত শহীদ তরুয়া-ফরহাদ স্মৃতি আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট-‘২৫-এর ট্রফি উন্মোচন ও ম্যাচ ড্র অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ট্রফি উন্মোচন ও ম্যাচ ড্র অনুষ্ঠান শুরু হয়। এতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৩২ টি বিভাগের দলনায়কগণ উপস্থিত ছিলেন।
চবি ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক সাদরুজ্জামান মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ইব্রাহীম বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। যার মধ্য দিয়ে প্রত্যেকটি বিভাগের শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে।
তিনি আরও বলেন, অত্যন্ত হতাশাজনক বিষয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়তনে বৃহৎ একটি মাঠ থাকলেও এটি খেলার উপযোগী নয় এবং দর্শকদের খেলা উপভোগের জন্য দর্শক গ্যালারি স্থাপন করা হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি তারা যেন কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার করে এবং দর্শক গ্যালারি স্থাপন করে।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া এবং শহীদ ফরহাদ হোসেনের স্মরণে আমরা আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে প্রত্যেকটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যকার আন্ত:সম্পর্ক বৃদ্ধি পাবে এবং একটি সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মানে সবাই ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর উদ্বোধনী খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হবে।


