রাউজান থানার বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পলোয়ান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. রাজু ওরফে মিন্টু (২৫)। তার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি এবং একটি কাঠের বাট উদ্ধার করা হয়। অস্ত্র ও গুলির বৈধ কোনো লাইসেন্স দেখাতে পারেননি তিনি।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজু অস্ত্র ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নানা অপরাধে জড়িত ছিল। এ ঘটনায় এসআই (নিরস্ত্র) খোরশেদ আলম বাদী হয়ে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন (মামলা নং ২২, তারিখ ৩১/০৮/২০২৫)।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাউজান থানায় এর আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে অপহরণ, চাঁদাবাজি, মারধর, বিস্ফোরক দ্রব্য আইন এবং ভাঙচুরের অভিযোগ।


