বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মেক্সিকোতে ১ লাখ ৩০ হাজার মানুষ নিখোঁজ 

ডেস্ক রিপোর্ট :

মেক্সিকোতে গত ১৭ বছরে অন্তত ১ লাখ ৩০ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন, যা দেশটির ইতিহাসে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। পরিবারগুলো জানে না তাদের প্রিয়জনরা জীবিত না মৃত, কোথায় তারা আছেন বা কখনও ফিরবেন কি না। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, এত বিপুলসংখ্যক মানুষের নিখোঁজ হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। রবিবার রাজধানী মেক্সিকো সিটি ও অন্যান্য বড় শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন।

নিখোঁজ ব্যক্তিদের স্বজন, বন্ধু ও মানবাধিকার সংগঠনের সদস্যরা একত্রে বিক্ষোভে অংশ নিয়ে গুমের ঘটনার বিচার ও নিখোঁজদের খুঁজে বের করার দাবি জানান। তারা প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

২০০৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপে কালদেরন “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” ঘোষণা করার পর থেকে গুমের ঘটনা বেড়ে যায়। এর পর থেকে বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ হয়েছেন। অনেককে জোরপূর্বক মাদকচক্রে টেনে নেওয়া হয়েছে, কেউবা মাদক চোরাকারবার প্রতিরোধ করতে গিয়ে গুম হয়েছেন।

গুমের ঘটনায় প্রধানত মাদকচক্র ও সংগঠিত অপরাধীদের দায়ী করা হলেও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও হত্যাসহ জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। বিক্ষোভ ও সমাবেশের কারণে রাজধানী মেক্সিকো সিটির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জাতিসংঘ ইতোমধ্যেই এই ঘটনাকে মানবিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছে। দেশটির অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, নিখোঁজদের দাহ করার কোনো প্রমাণ তারা পাননি। তবে বহু পরিবার নিজ উদ্যোগে প্রিয়জনদের খুঁজে বের করার চেষ্টা করছেন। কেউ কেউ পরিচয় গোপন করে মাদকচক্রের কবরস্থল অনুসন্ধান করছেন, যা তাদের নিজেদেরও ঝুঁকির মধ্যে ফেলছে। অনেকে আবার এভাবে খোঁজ করতে গিয়ে নতুন করে নিখোঁজ হয়েছেন।

লাতিন আমেরিকার ইতিহাসে এর আগেও এমন ঘটনা ঘটেছে। গুয়েতেমালায় ৩৬ বছরের গৃহযুদ্ধে প্রায় ৪০ হাজার মানুষ নিখোঁজ হয়েছিলেন, যা শেষ হয় ১৯৯৬ সালে। আর আর্জেন্টিনায় ১৯৭৬ থেকে ১৯৮৩ সালের সামরিক শাসনামলে নিখোঁজ হয়েছিলেন অন্তত ৩০ হাজার মানুষ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত