চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে আহতদের দেখতে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পার্ক ভিউ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, জেলা প্রশাসক ফরিদা খানম, সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উপাচার্য আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি হাসপাতালের চিকিৎসকদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য অনুরোধ জানান।
তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন চিকিৎসার প্রতিটি ধাপে শিক্ষার্থীদের পাশে থাকবে এবং দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সব সহায়তা করবে।”


