ক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অন্তত ৪০ জন জেলে ও মাছ ধরার পাঁচটি ট্রলার অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব সাগর এলাকায় মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।
তিনি জানান, এ ঘটনায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় জেলেদের বরাতে জানা যায়, হঠাৎ মিয়ানমার সীমান্ত থেকে একটি স্পিডবোট এসে ট্রলারগুলোকে ধাওয়া করে। পরে অস্ত্রের মুখে জেলেসহ পাঁচটি ট্রলার ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।
টেকনাফ খাইয়ুক খালী ঘাটের ট্রলার মালিক সমিতির নেতা সাজ্জাদ হোসেন বলেন, ধরে নিয়ে যাওয়া ট্রলারগুলোর মধ্যে তাদের ঘাটের তিনটি এবং শাহপরীর দ্বীপ ঘাটের দুটি রয়েছে। তবে এখনো মালিকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ২৩ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে একইভাবে নয়টি ট্রলারসহ ৬৪ জন জেলেকে অপহরণ করেছিল আরাকান আর্মি। টানা অপহরণে দিশেহারা জেলেরা এবং ট্রলার মালিক সমিতি সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, ঘটনাটি তারা অবগত হয়েছেন এবং বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
বিজিবি ও ট্রলার মালিক সমিতির তথ্য অনুযায়ী, গত আট মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩১৮ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় ২০০ জনকে ফেরত আনা হলেও এখনও মুক্তি পাননি অন্তত শতাধিক জেলে।


