কক্সবাজারের ঈদগাঁও থানার নাকের ডগায় দুই সপ্তাহের ব্যবধানে তৃতীয়বার দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় স্বর্ণালঙ্কার,নগদ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে ডাকাতদল।
শুক্রবার (১২সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব নাপিতখালী চাকার দোকান এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,এলাকার ফজল করিমের ছেলে শাহাব উদ্দিন ও তার ভাই মৃত রফিকের দালান ঘরের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে সশস্ত্র ডাকাতদল । পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর পূর্বক লক্ষাধিক টাকা মূল্যের মোবাইল সেট ছিনিয়ে নিয়ে ঘরের আলমিরা-সু কেস ভেঙে ৯ ভরি স্বর্ণ , নগদ ২ লক্ষ টাকাসহ ১৫ লক্ষাধিক মূল্যমানের জিনিসপত্র লুট করে মাইক্রো যোগে মহাসড়ক হয়ে চকরিয়ার দিকে চলে যায়।
স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবার সদস্যরা তাকেও উক্ত ঘটনার বর্ণনা দেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মছিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে জানান , গ্রীল কেটে বসত ঘরে ডাকাতির ঘটনার সাংবাদ পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
উল্লেখ্য,থানার অর্ধ কিলোমিটারের মধ্যে উক্ত ঘটনাস্থল সংলগ্ন প্রবাসী মুবিনের বাড়িতেও গত ৩০ আগস্ট রাতভর ব্যর্থ ডাকাতি চেষ্টা, ১০ সেপ্টেম্বর পাশ্ববর্তী প্রবাসী কালু ও ওসমানের ঘরে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটলেও থানা প্রশাসন এ পর্যন্ত ডাকাতি রোধ কিংবা ডাকাত আটকে এ পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা নেয়নি বিধায় দিন দিন আইন শৃংখলার অবনতি ঘটছে । উপজেলা জুড়ে অব্যাহত ঐ ডাকাতির ঘটনায় জনমনে আতষ্ক বিরাজ করছে। এজন্য সচেতন জনগণ থানা প্রশাসনের অবহেলাকে দায়ী করছেন।


