চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।
সর্বপ্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভলিবল দলের অধিনায়ক তাইফুল আলম ফরাজী। তিনি কেন্দ্রীয় সংসদে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জানা গেছে, তাইফুল আলম ফরাজী ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। তিনি জাতীয় ভলিবল দলেরও সদস্য।
মনোনয়ন নেওয়ার পর তাইফুল আলম ফরাজী বলেন, “যেহেতু আমি খেলাধুলার সঙ্গে যুক্ত, তাই এই পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি কোনো দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। খেলোয়াড়দের সমস্যাগুলো সমাধানের জন্য চাকসুর মতো প্ল্যাটফর্ম আমাকে কাজ করার সুযোগ করে দেবে। আমি খেলোয়াড়দের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।”
চাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “সকালে মনোনয়ন বিতরণ শুরু হলে সর্বপ্রথম তাইফুল আলম ফরাজী মনোনয়ন নিয়েছে। নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।”
উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিট। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭ম চাকসু নির্বাচন।


