স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের কোতোয়ালী এলাকাকে মাদকশুন্য করার ঘোষণা দিয়েছে কোতোয়ালী থানা। ঘোষণা কার্যকরে কাজও শুরু করেছে চট্টগ্রামের আলোচিত এই থানা।
এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আমার থানা এলাকা হবে মাদকশুন্য। ইতোমধ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছি। কাজও চলছে পরিকল্পনা অনুযায়ী। তারই অংশ হিসেবে আমাদের থানাকে ধুমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ থেকেই তা কার্যকর হবে। ‘
কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, পুরো কোতোয়ালী থানাকে মাদকশুন্য করার পরিকল্পনা গ্রহণ করেছে টিম কোতোয়ালী। এজন্য কর্মপরিকল্পনাও চূড়ান্ত করেছে। মাদকশুন্য করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে তিন ধাপে। প্রথম ধাপে, এলাকাভিত্তিক তথ্য সংগ্রহ এবং সচেতনতা প্রচারাভিযান চালানো হবে। দ্বিতীয় ধাপে, চিহ্নিত মাদক ব্যবসায়ী, বিক্রেতাদের আত্মসমর্পণের ডেডলাইন দেওয়া হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
তৃতীয় ধাপে, সাড়াশি অভিযান চালিয়ে অল আউট একশন। ইতোমধ্যে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। ১৫ টি বিটে অভিযোগ বাক্স বসানোর কাজও চলছে। এরপর পাড়ায় পাড়ায় সচেতনতা চালানো হবে এবং সামাজিকভাবে বয়কটের কাজ শুরু হবে। এদিকে প্রথম থানা হিসেবে কোতোয়ালী থানা কে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।
এটিকেও কোতোয়ালী কে মাদকশুন্য করার ধাপ বলে মন্তব্য করেছেন ওসি মোহাম্মদ মহসীন।


