বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চাঁদার জন্য মারধর, থানায় অবস্থান

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর বাগমারা উপজেলায় চাঁদা না দেওয়ায় মারধরের শিকার হয়েছেন নারায়ণ ভবানী (৫৫) নামে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় স্থানীয় জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নবাব হোসেন ওরফে বাচ্চু (৩০) স্থানীয় তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ ও স্থানীয়রা জানায়, এক সপ্তাহ আগে নবাব হোসেন নারায়ণ ভবানীর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার গ্রামের একটি চালকল থেকে ফেরার পথে তাকে আটক করে মারধর করা হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নারায়ণকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার প্রতিবাদে গ্রামটির হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ প্রায় ২০ কিলোমিটার দূরে বাগমারা থানায় গিয়ে অবস্থান নেন। তারা অভিযুক্ত নবাব হোসেনকে গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পুলিশের আশ্বাসে তারা পরে থানা চত্বর ত্যাগ করেন।

হাসপাতালে শয্যাশায়ী নারায়ণ ভবানী বলেন, “নবাব হোসেন ভয়ঙ্কর মানুষ, তার হাতে সবসময় অস্ত্র থাকে। মামলা করার সাহসও পাচ্ছি না।” স্থানীয়রা জানান, নবাব হোসেন উপজেলা বিএনপির এক শীর্ষ নেতার ঘনিষ্ঠ এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখল ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে। নবাবের বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে। তাকে আটক ও গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত