চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বৈলতলী ইউনুচ মার্কেটের মাহবুব রহমান ট্রেডার্সে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—প্রতিষ্ঠানের মালিক মাহবুবুর রহমান (৪৫), সৌরভ রহমান (২৫), মো. কপিল (২২), মো. রিয়াজ (১৭), মো. ইউনুচ (২৬), মো. আকিব (১৭), মো. হারুন (২৯), মো. ইদ্রিস (৩০), মো. লিটন (২৮) ও মো. সালেহ (৩৩)। চমেক হাসপাতাল সূত্র জানিয়েছে, তাদের মধ্যে কয়েকজনের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ঝলসে গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, “সকালে বিস্ফোরণে দগ্ধ ১০ জনকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা সবাইকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি দেন।”
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, সকাল ৬টা ৫০ মিনিটে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে আগুন লাগে। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা দগ্ধদের হাসপাতালে পাঠান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় সিগারেটের আগুন সিলিন্ডারে লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ বিস্ফোরণ ঘটে।


