চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জামায়াতের দায়িত্বশীলরা জয়ের লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। তিনি বলেন, “একনিষ্ঠ ও ত্যাগী দায়িত্বশীলরা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার গণজোয়ারকে রুখতে দেবেন না। একটি আধুনিক, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লার প্রতীককে বিজয়ী করতেই হবে।”
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ডবলমুরিং থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক এবং ওয়ার্ড সেক্রেটারি মাকছুদুর রহমান। এছাড়াও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা অংশ নেন।
অধ্যক্ষ হেলালী তার বক্তব্যে আরও বলেন, “বাংলাদেশের জনগণ বহুদিন ধরে অবিচার, দুর্নীতি ও স্বৈরশাসনের শিকার। আজ মানুষ পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হয়েছে। এই গণজোয়ারকে কোনো শক্তি বাধা দিতে পারবে না। দাঁড়িপাল্লার প্রতীককে বিজয়ী করার মাধ্যমে জনগণ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ করবে।”
তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, জনগণের বিশ্বাস অর্জন করতে হলে সততা, নিষ্ঠা ও আত্মত্যাগের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে সুশৃঙ্খলভাবে মাঠে থাকার আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অধ্যক্ষ হেলালী বিশ্বাস প্রকাশ করে বলেন, ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনী সংগ্রামে অংশ নিলে বিজয় নিশ্চিত হবে এবং বাংলাদেশে ন্যায়, সমৃদ্ধি ও কল্যাণের নতুন অধ্যায় সূচিত হবে।


