বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁও থেকে অপহৃত দুই যুবক ৭০ হাজার টাকায় মুক্ত 

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে সশস্ত্র মুখোশধারী ডাকাতদের হাতে অপহৃত হওয়া দুই যুবক মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ পরিশোধের পর তারা মুক্তি পান।

স্থানীয় জামায়াত নেতা বনি আমিন ও গণমাধ্যমকর্মী আবুল কাশেম জানিয়েছেন, অপহরণের পর দিনভর অপহরণকারীদের সঙ্গে মুক্তিপণের টাকার পরিমাণ নিয়ে দেনদরবার চলে। শেষ পর্যন্ত ৭০ হাজার টাকার বিনিময়ে দুই যুবককে মুক্তি দেয় ডাকাতদল। অপহরণকারীরা একটি নির্দিষ্ট লোকেশন জানিয়ে দেয়। সেখানে সড়কের ডিউটি পুলিশ রেস্ট ক্যাম্পের অল্প দূরে বনের ভেতরে মোক্তারের চাচা আবুল হোসেন ও হেলালের এক ভাই মুক্তিপণের টাকা হাতে হাতে বুঝিয়ে দেন। এরপরই ডাকাতরা দুই যুবককে তাদের হাতে তুলে দেয়।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার পথে অপহৃত হন কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব রাজঘাট এলাকার আব্দু শুক্কুরের ছেলে মোক্তার আহমদ (৩০) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ফাতেমার ঘোনা চরপাড়ার মৃত হোসেন আহমদের ছেলে হেলাল (২৬)। ডাকাতরা মোটরসাইকেল থামিয়ে গণডাকাতির এক পর্যায়ে তাদের জিম্মি করে বনের ভেতরে নিয়ে যায়। এরপর অপহৃতদের মোবাইল ফোন ব্যবহার করে মুক্তিপণ দাবি শুরু হয়।

ঘটনার পর ঈদগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশ পাহাড়ি এলাকায় অভিযান চালালেও কোনো ফল পাওয়া যায়নি। ঘণ্টাব্যাপী অভিযান শেষে পুলিশ খালি হাতে ফিরে আসে। এ বিষয়ে থানার সেকেন্ড অফিসার এসআই সনক কান্তি জানান, তিনি ঘটনাটি শুনেছেন তবে বিস্তারিত জানেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও-ঈদগড় সড়ক ও আশপাশের পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে আসছে। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কোনো ডাকাতকে আটক করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, থানায় জিডি বা মামলা করতে গেলে কর্তৃপক্ষ নানা গড়িমসি করে। ফলে তারা বাধ্য হয়ে “ছিনতাই” বা “নিখোঁজ” ডায়েরি করতে রাজি হন। অতীতে কোনো অপহৃতকে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধারে সক্ষম হয়নি বলেও স্থানীয়দের অভিযোগ।

এই ঘটনায় আবারও এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী যদি কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তবে ঈদগাঁও-ঈদগড় সড়কে চলাচল একপ্রকার ঝুঁকির মুখে পড়বে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত