বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ : দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ফায়ার সার্ভিসের সদস্য শামীম আহমেদ (৩৫) মারা গেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় হঠাৎ বিস্ফোরণে চারজন ফায়ার ফাইটার ও কারখানার একজন কর্মচারী গুরুতর দগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দগ্ধদের মধ্যে শামীম আহমেদের শরীরের ৬০ শতাংশের বেশি পুড়ে যায়। চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখলেও শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শামীম আহমেদের মৃত্যুতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা বলছেন, অগ্নিকাণ্ডের সময় জীবন বাজি রেখে মানুষ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেছেন তিনি।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোডাউনে বিপুল পরিমাণ দাহ্য কেমিক্যাল মজুত ছিল। আগুন লাগার পর দ্রুত বিস্ফোরণ ঘটায় দমকলকর্মীরা হতভম্ব হয়ে পড়েন। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের কারণ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত