বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নাইক্ষ্যংছড়িতে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর খুন: ঘাতক আটক

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি : 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে সোহেল বড়ুয়া (১৭) নামের এক কিশোর খুন হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার শীলপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সৎ ভাই সুপন বড়ুয়ার (৩০) ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সোহেল বড়ুয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল বড়ুয়া ও অভিযুক্ত সুপন বড়ুয়া একই পিতা রাধাকান্ত বড়ুয়ার ছেলে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, “নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। জনতার সহযোগিতায় ঘাতক সুপন বড়ুয়াকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, পারিবারিক বিষয় নিয়ে আগে থেকেই সৎ দুই ভাইয়ের মধ্যে কলহ চলছিল। এরই জেরে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত কারণ উদঘাটন করা হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত