বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

মানুষ দীর্ঘ ২০ বছর ভোট দিতে পারেনি, বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে : আমির খসরু 

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বিকেল ৫টায় হালিশহরের এলব্লক, কে ব্লক ও বড়পোলসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

জনাব খসরু বলেন, “মানুষ বিশ বছর ভোট দিতে না পারার ফলে এখন ভোটের জন্য অপেক্ষা করছে। যে মুহূর্তে ধানের শীষ বিএনপির বিষয়টি সামনে এসেছে, সেই মুহূর্তে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ জানে, গত ১৫–২০ বছর ধরে বিএনপি গণতন্ত্রের জন্য লড়েছে। আমরা সেই গণতন্ত্র ফিরে আনতে যাচ্ছি। আগামী দিনের বাংলাদেশের জন্য আমাদের কর্মসূচি প্রস্তুত। এতে রয়েছে এক কোটি মানুষের জন্য চাকরি সৃষ্টি ১৮ মাসের মধ্যে, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্য ও অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করা। নতুন প্রজন্মকে আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে তাদের ভূমিকা পালনের সুযোগ দেওয়া হবে। রাজনীতি শুধু নয়, অর্থনীতিকেও আমরা গণতন্ত্রায়ণের দিকে নিয়ে যাচ্ছি। মানুষের প্রত্যাশা পূরণে আমরা প্রস্তুত।”

তিনি আরও বলেন, “বিএনপি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে এবং এই যুদ্ধে জয়ী হয়েছে। মানুষ তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ফিরে পেতে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে।”

এ সময় তিনি সতর্ক করে বলেন, “উপদেষ্টার পদ ব্যবহার করে যত বেশি বরাদ্দ নেওয়া হবে, ভোট তত কমে যাবে। বাংলাদেশের মানুষ খুব সচেতন, যারা এ ধরনের কাজ করছে তাদের পরবর্তী সময়ে জবাবদিহি করতে হবে।”

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মনজুর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচএম রাশেদ খান, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক কাফি মুন্না, এবং বিএনপি নেতা মাহবুবুর রহমান, সাবের আহমেদ, মোহাম্মদ ইদ্রিস, মোঃ শফিউল্লাহ, কামাল সরদার, ফয়জুল্লাহ, মোঃ লেলিন, মোহাম্মদ হেলাল, মোঃ জহুর, হাউসিং এস্টেট সাধারণ সম্পাদক মোঃ জসিম, মোহাম্মদ আলী। এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এই সফরে খসরু জনগণের সমস্যা, আশা-আকাঙ্ক্ষা শোনার পাশাপাশি বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত