বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাউজানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাউজান থানার বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. ওসমান (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ২টার দিকে উপজেলার ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু’র দিকনির্দেশনায় ও রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আলী সৈকত এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতার হওয়া ওসমান নোয়াপাড়া ইউনিয়নের হাজী দুলা মিয়া সওদাগরের বাড়ির বাসিন্দা। তার নিজ বাড়ি ও দেখানো মতে একই এলাকার ইদ্রিসের পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—২টি দেশীয় তৈরি এলজি, রাউন্ড চায়না রাইফেলের গুলি ২২ রাউন্ড, বিভিন্ন ধরনের পিস্তলের গুলি, ৭টি শর্টগানের কার্তুজ, ১টি কার্তুজের খোসা ও ৩টি রামদা ও ২টি ধামা।

অভিযানের সময় ওসমানের সহযোগী শাহ আলম (৪০) পালিয়ে যায়। তিনি একই ইউনিয়নের আলী আহাম্মদ কন্ট্রাক্টরের বাড়ির বাসিন্দা। সিডিএমএস যাচাইয়ে শাহ আলমের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ওসমান স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের মাধ্যমে চাঁদাবাজি, অপহরণ ও অবৈধ অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

এ ঘটনায় এসআই মোহাম্মদ আলী সৈকত বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত