চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়সহ একটি মাতৃসদন হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও ঘটনাস্থলে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। এতে কার্যালয়ের ভেতরে রাখা বিভিন্ন জিনিসপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। একই ভবনের একটি মাতৃসদন হাসপাতালের স্টোররুমও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানায়।


