বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

টিকা নেওয়ার কারণে প্রাণঘাতী রোগ প্রতিরোধ সম্ভব : মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক :

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক বলেছেন, টিকা নেওয়ার কারণে প্রাণঘাতী সব রোগের প্রতিরোধ সম্ভব হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম হোটেল সৈকতের হালদা কনফারেন্স রুমে জেলা তথ্য অফিস চট্টগ্রামের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় “টাইফয়েড টীকাদান ক্যাম্পেইন–২০২৫” উপলক্ষে সংবাদকর্মীদের অংশগ্রহণে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

মহাপরিচালক বলেন, দেশব্যাপী শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার টাইফয়েড প্রতিরোধমূলক টিকা প্রদানের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সাম্প্রতিক সময়ে টাইফয়েড জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হওয়ার পাশাপাশি শারীরিক জটিলতা ও অপুষ্টি দেখা দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা প্রদান অপরিহার্য হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ, যা অপরিচ্ছন্ন খাবার ও পানির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শিশু-কিশোররা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিক্ষার্থীর জন্য টাইফয়েড টিকা গ্রহণ বাধ্যতামূলক করা জরুরি। সময়মতো টিকা দিলে টাইফয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭০–৮০ শতাংশ পর্যন্ত হ্রাস পায়।

চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনসূয়া বড়ুয়া, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক গোলাম সারওয়ার, দৈনিক আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনেওয়াজ ও গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম।

সভায় সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত