চট্টগ্রামে একটি ফিশিং বোট মালিকসহ ১৮ জন জেলে গত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিখোঁজ বোট মালিক আলী আকবরের স্ত্রী সেলিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিনি চট্টগ্রামের সদরঘাট নৌ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ জেলেদের সন্ধান পেতে কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবহিত করা হয়েছে। তাদের উদ্ধারে পুলিশের পক্ষ থেকেও কাজ চলছে।
নিখোঁজ জেলেরা গত ১৩ সেপ্টেম্বর রাতে নগরীর বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট থেকে ‘এফ বি খাজা আজমীর’ নামের ফিশিং বোট নিয়ে মাছ ধরতে সাগরে যান। নির্ধারিত সময়ে না ফেরায় পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।
সেলিনা আক্তার জানান, তার স্বামী আলী আকবর (৪৯) দীর্ঘদিন ধরে মাছ ধরার ব্যবসার সঙ্গে জড়িত। তার মালিকানাধীন বোটে মাঝি আবু তাহের (৫৫), স্টাফ জামাল (৪৫), বাবুর্চি রুবেল (৩৫)সহ মোট ১৮ জন সাগরে যান। এরপর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে স্বামীর সঙ্গে সর্বশেষ কথা হয় জানিয়ে সেলিনা আক্তার বলেন, “প্রথমে ভেবেছিলাম সাগরে নেটওয়ার্ক সমস্যার কারণে ফোন বন্ধ। কিন্তু টানা ১০–১১ দিন অপেক্ষার পরও কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছি। পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থার কাছ থেকেও সাহায্য চেয়েছি; কিন্তু এখনো কোনো খবর পাইনি।”
সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই নিখোঁজদের খুঁজতে কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেদিন তারা কর্ণফুলী নদী থেকে রওনা দেন, সেদিনই সর্বশেষ তাদের মোবাইল সিগন্যাল মহেশখালীর মাতারবাড়ি এলাকায় পাওয়া গিয়েছিল। এরপর থেকে সব মোবাইল বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, নিখোঁজ জেলেরা আরাকান বাহিনী কিংবা কোনো জলদস্যু গ্রুপের হাতে জিম্মি হতে পারে। বিষয়টি কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবহিত করা হয়েছে।”


