শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে ৮ দফা বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে খাগড়াছড়িতে চলমান অবরোধ আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় জুম্ম ছাত্র-জনতার ৬ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। সেখানে তারা ৮ দফা দাবিনামা প্রশাসনের কাছে তুলে ধরেন, যা পূরণের আশ্বাস দেওয়া হয়।
এছাড়া গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রশাসনের আশ্বাস ও হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অথবা নতুন কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান অবরোধ স্থগিত থাকবে। তবে দাবিগুলো যথাযথভাবে বাস্তবায়ন না হলে শান্তিপূর্ণ কিন্তু কঠোর কর্মসূচি পুনরায় ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে টানা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। এর আগে শুক্রবার আধাবেলা অবরোধ কর্মসূচি পালন করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা এখনো বলবৎ রয়েছে।


