হাতিয়ায় নৌবাহিনীর অভিযানে কয়লাসহ ৩ টি ট্রলার আটক করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার পাঙ্গাসিয়া খালে একটি ব্রিক ফিল্ডের ঘাটে অবৈধভাবে আনা কয়লাসহ তিনটি ট্রলার খালাসের সময় আটক করা হয়।
এ প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধমূলক কার্যক্রম দমনে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৪ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নোয়াখালীর হাতিয়া উপজেলাস্থ জাহাজমারা এলাকার পাঙ্গাসিয়া খালে একটি ব্রিক ফিল্ডের ঘাটে অবৈধভাবে নিয়ে আসা কয়লাসহ তিনটি ট্রলার খালাস এর জন্য অপেক্ষায় রয়েছে। সংবাদ পেয়ে অতি দ্রুত সময়ের মধ্যে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কয়লা বোঝাই তিনটি ট্রলার আটক করা হয়। ৩টি ট্রলার থেকে আনুমানিক ১৬০ টন চোরাই কয়লা জব্দ করা হয়। উক্ত কয়লার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। এছাড়াও আটককৃত তিনটি ট্রলারের আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। জব্দকৃত কয়লা ও ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হাতিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সমুদ্র ও উপকুলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


