বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

হাটহাজারীতে প্রকাশ্যে গুলিতে বিএনপি কর্মী নিহত 

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারীদের গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে গাড়িতে থাকা আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। দলীয় কোনো পদে না থাকলেও ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি রাউজানে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। গরুর খামারের পাশাপাশি তিনি কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে আবদুল হাকিম তার খামারবাড়ি থেকে ব্যক্তিগত গাড়িতে রাউজান হয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। গাড়িতে তার সঙ্গে ছিলেন আরেকজন সহযোগী। মদুনাঘাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা কয়েকজন অস্ত্রধারী তাদের গাড়ির পিছু নেয়। পানি শোধনাগার ফটকের সামনে পৌঁছালে তারা গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গাড়ির ভেতরে থাকা দুজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, “নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে গুলিবিদ্ধ আবদুল হাকিম মারা যান। তার মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল আরোহী একটি দল পূর্বপরিকল্পিতভাবে গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।”

উল্লেখ্য, রাউজান এলাকায় গত বছরের ৫ আগস্টের পর থেকে সহিংসতায় এখন পর্যন্ত ১৩টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ১০টি রাজনৈতিক হত্যাকাণ্ড। বিএনপির দুই পক্ষের মধ্যে অন্তত শতাধিক সংঘর্ষের ঘটনায় তিন শতাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনার পর মদুনাঘাট এলাকা ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ এলাকাটিতে টহল জোরদার করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে বলে জানানো হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত