সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

চবিতে নারী শিক্ষার্থীকে হয়রানি, মারধরের শিকার একজন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মারধরের শিকার হয়েছেন বাংলা বিভাগের এক শিক্ষার্থী। সমাজতত্ত্ব বিভাগের এক নারী শিক্ষার্থীকে হয়রানির ঘটনাকে কেন্দ্র করে এই মারধরের সূত্রপাত হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থীদের দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রবিউল হাসান আহত হন। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই শিক্ষার্থী কয়েকজন বন্ধুকে নিয়ে মাঠে অবস্থান করছিলেন। সে সময় রবিউল ও তার সহযোগীরা মোটর সাইকেলে সেখানে গিয়ে তাকে হয়রানির চেষ্টা করেন। ওই শিক্ষার্থীর বন্ধুরা প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, রবিউল ও তার কয়েকজন বন্ধু সমাজতত্ত্ব বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ওই নারী শিক্ষার্থীকে কয়েক সপ্তাহ ধরে হয়রানি করে আসছিলেন।

তবে রবিউলের দাবি, তিনি পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে কয়েকজন ব্যক্তি তাকে আক্রমণ করেন, তার নাক ও মুখে আঘাত লাগে।

জানতে চাইলে চবির সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘সমাজতত্ত্ব বিভাগের এক নারী শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বাংলা বিভাগের এক শিক্ষার্থী বিরক্ত করে আসছিল বলে অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে একজন আহত হয়েছে। আমরা উভয়পক্ষকেই জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে ডেকেছি। এবিষয়ে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

চবি চিকিৎসা কেন্দ্রের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘গতকাল রাতে একজন শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় আমাদের মেডিকেলে আনা হয়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে কলেজে হাসপাতালে পাঠিয়েছি।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত