গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও নদীর বুক দখল করে অবৈধ ভাবে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়।
কক্সবাজার সদর সহকারী কমিশনার ভূমি(অতিরিক্ত দায়ীত্ব) ঈদগাঁও উপজেলা শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে নদীর বুক দখল করে নির্মিতব্য অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে তাতে লাল পতাকা টাঙিয়ে দেয় প্রশাসন। এসময় তিনি জড়িতকে সতর্ক করে আগামীতে এ অপরাধে জড়ালে আইনী ব্যবস্থা নেয়া হবে জানান।
এসময় তাকে সহযোগিতা করেন ঈদগাঁও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবদুল জব্বার ও থানার পুলিশ সদস্যরা।
এদিকে অভিযানে নদীর ভূগর্ভস্থ থেকে গড়ে তুলা স্থাপনার অংশ অক্ষত রেখে গ্রেড বিমের উপরের পিলার ভেঙে উচ্ছেদ অভিযান পরিচালনাকে প্রত্যক্ষদর্শীরা আইওয়াশ বলে মত ব্যক্ত করছে। অনেকে এ অভিযানের দেখাদেখি পাশের দোকান মালিকরাও এভাবে স্থাপনা নির্মাণে উৎসাহিত হয়ে পারে বলে শন্কা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত অতি সম্প্রতি নজরুল ইসলাম নামের এক ব্যক্তি নদীর বুক দখল করে তাতে দিনরাত অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করে।যা নদীর স্বাভাবিক পানি প্রবাহে চরম ব্যাঘাত ঘটাবে উল্লেখ করে গণমাধ্যম কর্মীরা ফলাও করে সংবাদ পরিবেশন করলে প্রশাসনের টনক নড়ে। এর জেরেই এই অভিযান পরিচালিত হয়।


