চট্টগ্রামে “তারুণ্যের উৎসব–২০২৫” শীর্ষক পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি পরিবেশ ও বন সংরক্ষণ এবং বনজ প্রাণী রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে পালন করছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনী অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজে “তারুণ্যের উৎসব–২০২৫” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বনবিভাগ চট্টগ্রামের প্রতিনিধি, স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “পরিবেশ ও বন সংরক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”


