বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে রগ কাটা অবস্থায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাকসুদ খান জয় (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকার একটি কাশবনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে নিহতের স্বজনরা তার লাশ শনাক্ত করেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিহত শামীম মাকসুদ খান জয় ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক সম্পন্ন করেন। সম্প্রতি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শহীদুল হক খানের ছেলে এবং পরিবারের সঙ্গে নগরের বড়পোল এলাকার বন্দর আবাসিক এলাকার কাছে বসবাস করতেন।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল করিম জানান, বিকেলে স্থানীয়রা কাশবনের ভেতরে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

“খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন,” বলেন এসআই মনিরুল।

তিনি আরও বলেন, “দুই হাত ও পায়ের রগ কাটা অবস্থায় শামীমকে পাওয়া গেছে। এক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকা অবস্থায় শামীম নাকি বলেছেন, তিনি নিজেই রগ কেটেছেন। তবে এই বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে। আমরা হত্যা ও আত্মহত্যা—উভয় দিক বিবেচনায় তদন্ত চালাচ্ছি।”

প্রথমে ঘটনাস্থলটি হালিশহর থানা এলাকার আওতায় মনে করে পুলিশ লাশ উদ্ধার করে। পরে নিশ্চিত হয়, এলাকা বন্দর থানার অধীনস্থ, ফলে রাত ২টার দিকে লাশ বন্দর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১২টার দিকে শামীম বাসা থেকে বের হওয়ার আগে মাকে জানান, তিনি একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং পরে একটি চাকরির ইন্টারভিউতেও যাবেন। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত