চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট নগরের নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণের অভিযোগে মামলা রয়েছে। ওই সময় তার গুলি বর্ষণের ছবি প্রকাশ হয় বিভিন্ন সংবাদ পত্রে। দীর্ঘ দিন সে আত্মগোপনে ছিল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নগরের আগ্রাবাদ এলাকায় টিপুর মালিকানাধীন ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামে প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ।
ওসি বলেন, গোপন সংবাদে খবর পেয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে বিভিন্ন ব্যাংকের চেক, একটি দেশীয় তৈরি শর্টগান, শর্টগানের গুলি ও কার্তুজ পাওয়া গেছে।


