কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সারাদেশব্যাপী লকডাউন কর্মসূচির মধ্যেও বন্দর নগরী চট্টগ্রামে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সড়কে সব ধরনের যানবাহন চলাচল করছে। চট্টগ্রাম থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। একইভাবে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে গেছে ট্রেন। লকডাউনের কোন প্রভাব পড়েনি চট্টগ্রামে।
এদিকে, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে লাঠি হাতে পাহাড়ায় আছে ছাত্র শিবির, এনসিপিসহ বিভিন্ন দল। নগরীর প্রতিটি মোড়ে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

আওয়ামী লীগ কর্তৃক সম্ভাব্য নাশকতা প্রতিরোধে চট্টগ্রাম মহানগর জুড়ে বাইক শোডাউন করেছে ইসলামী ছাত্রশিবির। শোডাউনে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল এবং দক্ষিণ মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। বৃহস্পতিবার সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় শোডাউনটি অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, আমরা চট্টগ্রামের জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণভাবে মাঠে আছি। নিষিদ্ধ আওয়ামী লীগ নগরীতে অরাজকতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে- আমরা তা হতে দেব না। ছাত্রশিবির সবসময় জনগণের পাশে থেকে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘সকাল থেকে কোন সমস্যা নেই। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।’
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর মে. আমান উল্লাহ বলেন,’ চট্টগ্রামে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। সকাল থেকে সব ট্রেন যথা সময়ে ছেড়ে গেছে। স্টেশনে কোন ধরনের সমস্যা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্টেশন এলাকায় সতর্ক অবস্থায় আছে।’


