বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মিরসরাইয়ে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে যুব সমাবেশ

আমরা ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলব : সাইফুর রহমান 

নুরুল আলম, মিরসরাই :

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় মিঠাছড়া বাজারের সাসা ক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য জাফর সাদেক। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে পরিবর্তনের প্রধান শক্তি তরুণরা। ন্যায়-অন্যায়ের লড়াইয়ে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাড়িপাল্লা প্রতীক ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকারের প্রতিনিধিত্ব করে।

প্রধান বক্তা দাড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান বলেন, মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চল এখনো অবহেলিত। সড়কের বেহাল অবস্থা, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার সংকট, জেলে সম্প্রদায়ের দুর্দশা, চুরি-ডাকাতি, আইনশৃঙ্খলার অবনতি ও শালিসি বাণিজ্যের মতো সমস্যাগুলো তুলে ধরে তিনি বলেন, “এসব আর চলতে দেওয়া যায় না। আমরা ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলব।”

তিনি আরও বলেন, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে যে প্রার্থী হবেন তার সঙ্গে তারা শান্তিপূর্ণ নির্বাচনে অংশ নেবেন এবং কেউ কারও বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করবেন না। জনগণ যাকে বেছে নেবে তাকেই মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন নির্বাচনী আসন পরিচালক অধ্যক্ষ নূর নবী, উপজেলা আমীর মাওলানা নূরুল কবির, জোরারগঞ্জ থানার আমীর নূরুল হুদা হামিদী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিবিরের সেক্রেটারি মো. রায়হান, মিরসরাই উপজেলা শিবির সভাপতি শাকিব হাসানসহ স্থানীয় জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।

সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ নূরুল আলম এবং সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মো. লোকমান হোসেন। সমাবেশ উপলক্ষে কমলদহ ডাকঘর থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়, যা মিঠাছড়া এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত