চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম রবিবার (১৬ নভেম্বর) তাঁর দায়িত্বের শেষ কর্মদিবস পালন করেন। তিনি উপসচিব হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ে পদায়িত হয়েছেন। এর আগে তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে সফলতার সাথে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদায়ী জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করা এবং জনসেবা নিশ্চিত করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেন। সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁর নেতৃত্বে জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রমে গতিশীলতা তৈরি হয় এবং নাগরিক সেবার মানোন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়।
দায়িত্ব ছাড়ার প্রাক্কালে তিনি চট্টগ্রাম জেলার সর্বস্তরের মানুষ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় শ্রেণির প্রতিনিধিরা, সাংবাদিকসহ সকল সহযোগীকে গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, চট্টগ্রামবাসীর আন্তরিকতা, সহযোগিতা ও ভালোবাসা তাঁর প্রশাসনিক কাজকে সহজ করেছে এবং এগিয়ে যেতে সহায়তা করেছে।
সংক্ষিপ্ত দায়িত্বকালেও তিনি জেলা প্রশাসনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে যেসব পদক্ষেপ নিয়েছেন, সেসব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, “চট্টগ্রামের অগ্রযাত্রা অব্যাহত থাকুক”—এই প্রত্যাশা থেকেই তিনি জেলার সার্বিক উন্নয়ন ও সকলের মঙ্গল কামনা করেন।


