আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস এখনও আগের মতোই ভয়ঙ্কর জানিয়ে দেশের মানুষকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এই আহ্বান জানান।
নরেন্দ্র মোদি বলেন, ভারত করোনা সংক্রমণ প্রতিরোধে অনেক ভালো জায়গায়। আমরা মৃত্যুর হার কমাতে পেরেছি। বাড়িয়েছে সুস্থতার হার। কিন্তু এখনো করোনা আগের মতোই মারাত্মক। আপনাদের তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, অনেকের মাস্ক পরা নিয়ে সমস্যা। কথা বলার সময় নীচে মাস্ক ঝুলিয়ে রাখেন। এটা করবেন না। মাস্ক নিয়ে সমস্যা মনে হলে একবার করোনা যোদ্ধাদের কথা মনে করুন। যারা শত সমস্যা নিয়ে আপনাদের জন্য কাজ করছেন।
বিশ্ব মহামারী করোনাভাইরাসের শীর্ষ তিনে আছে ভারত। প্রতিদিনই করোনা সনাক্ত ৪৮ হাজার এর বেশি অতিক্রম করছে। মৃত্যুও থেমে নেই। এরই মধ্যে দেশটিতে মোট করোনাভাইরাস এ আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ৩২ হাজার ১৯০ জন।


