বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সেনা ও বিজিপির পাঁচ সদস্য আটক

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি : 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ও জান্তা সেনাবাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৪২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন গাছবুনিয়া পাড়া এলাকায় স্থানীয়দের কাছে আশ্রয় নেওয়ার পর বিজিবির টহলদল তাদের আটক করে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক জানান, আটক ব্যক্তিদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি; বিজিবির দায়িত্বেই তারা রয়েছেন।

আটকদের মধ্যে বিজিপির চার সদস্য ও মিয়ানমার সেনাবাহিনীর এক সদস্য রয়েছেন। তারা হলেন— মিয়ানমারের শান রাজ্যের মোমেক শহরের বাসিন্দা ও বিজিপির সেকেন্ড ইন্সপেক্টর কো কো সাইন (৩৫), আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউ শহরের বিজিপি সদস্য সোয়েথুরা (৩৮), আওয়ার্দি রাজ্যের মাগাতুতাও এলাকার সদস্য অং সান হতু (২৫), আয়াওয়ার্দির কিয়াও জায়ের লিন (৩২) এবং ইয়াঙ্গুন রাজ্যের বাসিন্দা ও জান্তা সেনাবাহিনীর সদস্য মিন মিনও (৪১)।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, গাছবুনিয়া পাড়া ৩৪ বিজিবির মংজয়পাড়া বিওপির দায়িত্বাধীন এলাকার অন্তত দেড় কিলোমিটার ভেতরে। সীমান্তের ভেতর আশ্রয় নিতে এলে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে বিওপিতে নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিপি ও মিয়ানমার সেনা সদস্যদের আটক করা হয়েছে বলে জেনেছি। তারা বিজিবির হেফাজতেই আছেন।”

ওসি মাসরুরুল হক আরও বলেন, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত