বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

স্বাস্থ্যবিধি না মেনেই শত শত শিক্ষার্থীর উপস্থিতিতে মেয়র নাছিরের অনুষ্ঠান!

স্টাফ রিপোর্টার: করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকি থাকার পরও কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনেই শত শত শিক্ষার্থীর উপস্থিতিতে চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে নতুন স্কুল ভবন। আর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ নিয়ে নগরজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

রোববার (২৬ জুলাই) সকালে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতিতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন উদ্বোধন করেন পাথরঘাটা রবীন্দ্র-নজরুল কিন্ডারগার্টেন এবং সিটি কর্পোরেশন স্কুলের নতুন ভবন। ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর চলে মূল অনুষ্ঠান। যেখানে সিটি মেয়র ছাড়াও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ অন্যান্যরা বক্তব্য’ও দেন। পুরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলটির শিক্ষার্থীরা। করোনা সংক্রমনের কোনো বিধি নিষেধেই মানা হয়নি অনুষ্ঠানে। এমনকি অধিকাংশ শিক্ষাথীদের মুখে যেমন মাস্ক ছিল না, তেমনি অনুষ্ঠান শেষে ছিল তাদের হুড়োহুড়ি।

সামাজিক দূরত্ব নিশ্চিতের কোনো বালাই ছিল না পুরো অনুষ্ঠানে।

জাইকার অর্থায়নে ৯ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে পাথরঘাটা রবীন্দ্র-নজরুল কিন্ডারগার্টেন সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ক্লাস থেকে ১০ জন করে শিক্ষার্থী থাকতে বলা হয়েছিলে বলে স্কুল কর্তৃপক্ষ দাবি করলেও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের দাবি, দাওয়াত না দেয়া সত্ত্বেও শিক্ষার্থীরা অনুষ্ঠানে এসেছে।

৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন বালি বলেন, এটা আমরা নিজেরাই এসেছিলাম। কিন্তু আমরা কাউকে দাওয়াত দেইনি আসার জন্য।
কিন্তু করোনা বিধি নিষেধের মাঝে স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এ অবস্থায় স্কুল কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে কিনা তার অনুসন্ধান শুরু করেছে সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া বলেন, আমি এটা জানার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। এরজন্য তার কাছে সুনির্দিষ্ট ব্যাখা চেয়ে আসতে বলেছি।

করোনা সংক্রমণ ঠেকাতে গত মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। সে সঙ্গে বিধি নিষেধ আরোপ রয়েছে সব ধরণের জনসমাগমের উপর। এদিকে ৫ আগষ্ট মেয়রের দায়িত্ব ছাড়বেন আ জ ম নাছির উদ্দিন। তার আগেই তড়িঘড়ি করে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত