বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ধানের শীষকে জয়ী করে দেশকে রক্ষা করতে হবে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে জয়ী করে দেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনায় তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানে যুবদল ও কৃষকদলের নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, “ধানের শীষকে জিতাতে হবে—এর কোনো বিকল্প নেই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দেশকে রক্ষা করতে হলে ধানের শীষকে জয়ী করতেই হবে। প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ—নো কমপ্রোমাইজ।”

তিনি আরও বলেন, বিএনপি যে ‘স্ট্রেইটকাট প্ল্যান’ উপস্থাপন করেছে, অন্য কোনো দল দেশের ভবিষ্যৎ নিয়ে তেমন পরিকল্পনা দিতে পারেনি। এখন আর বসে থাকার সময় নেই, দেশের জন্য এই যুদ্ধে মাঠে নেমে পড়তে হবে।
“দিস ইজ এ ওয়ার, দিস ইজ এ ব্যাটেল—মানুষের পক্ষে, দেশের পক্ষে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে,” —যোগ করেন তিনি।

দেশ গড়ার পরিকল্পনাকে শুধু নীতিপত্রে সীমাবদ্ধ না রেখে বাস্তবে প্রয়োগের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, “বাংলাদেশে বহু পরিকল্পনা কাগজেই থেকে গেছে। আমরা আমাদের পরিকল্পনা জনগণকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করতে চাই। পরবর্তী প্রজন্ম এটি এগিয়ে নিয়ে যাবে।”

দলীয় পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, “জনগণকে বুঝাতে হবে, কনভিন্স করতে হবে—এটি কঠিন কাজ, কিন্তু বিকল্প নেই। আমরা সজাগ না হলে দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে।”

তিনি আরো বলেন, “প্রতিবার সংকট মুহূর্তে এই দেশকে রক্ষা করেছে বিএনপি। শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার পথ ধরে এবার দেশের দায়িত্ব আপনাদের কাঁধে। মানুষের কাছে যেতে হবে, ঘর থেকে বের হতে হবে, দোরগোড়ায় যেতে হবে—তাহলেই পরিবর্তন সম্ভব। আসুন, আমরা এই যুদ্ধ শুরু করি।”

অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফার্মাস কার্ড, পরিবেশ সুরক্ষা, বেকারত্ব নিরসন, শিক্ষার উন্নয়নসহ দলের অগ্রাধিকারমূলক পরিকল্পনাগুলোর বাস্তবায়ন রূপরেখা উপস্থাপন করেন।

কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত