দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, দলের পক্ষ থেকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।
এর আগে রাত ৯টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “আমি আপনাদের এমন একটি বার্তা দিতে চাই, যা সারা দেশের মানুষের জন্য স্বস্তির। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দীর্ঘ নির্বাসিত জীবনে থেকেও তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন।”
তিনি বলেন, গণতন্ত্রে উত্তরণের পথে যে বাধাগুলো সৃষ্টি হয়েছিল, তারেক রহমান দেশে ফিরলেই সেগুলো দূর হবে বলে বিএনপি মনে করে। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই বৈঠকেই ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। ফলে নির্বাচন নিয়ে দলের যে শঙ্কা ছিল, তা কেটে গেছে।
মির্জা ফখরুল আরও বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। মানুষের প্রত্যাশা বাস্তবায়নের পথে দেশ এগোচ্ছে। তারেক রহমানের আগমন যেন সুন্দর ও সুষ্ঠু হয়, সে বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০০৭ সালে তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান তিনি এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হয় এবং কিছু মামলায় তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান।


