আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–২ (ফটিকছড়ি–ভূজপুর) সংসদীয় আসনে ১০ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী হিসেবে অধ্যক্ষ নুরুল আমিনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। জোটের শীর্ষ পর্যায়ের বৈঠক ও সিদ্ধান্তের মাধ্যমে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং উত্তর জেলা জামায়াতের নির্বাচনী আসন পরিচালক আবদুল জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, “১০ দলীয় জোটের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ নুরুল আমিনকে চট্টগ্রাম–২ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।”
মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “আমি নির্বাচিত হলে ফটিকছড়ি–ভূজপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করে শান্তি ও উন্নয়নের ধারায় ফিরিয়ে আনব, ইনশাআল্লাহ। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি ও অবকাঠামো—এই পাঁচ খাতকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। পাশাপাশি তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নারীদের সম্মান, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
শিক্ষানুরাগী, সমাজসেবক ও সুপরিচিত সংগঠক নুরুল আমিন এলাকার মানুষের কাছে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। শিক্ষা ও নৈতিকতার ভিত্তিতে সমাজ গঠনের প্রত্যয়ে তিনি দীর্ঘদিন ধরে এ আসনে কাজ করে যাচ্ছেন।


