চট্টগ্রাম-১০ ( পাঁচলাইশ, পাহাড়তলী খুলশী, হালিশহর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ২টায় তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিকট বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিলকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি মোমিনুল হক, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী আমীর নুরুল আলম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুল আলম, কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল মালেক, শ্রমিক নেতা সেলিম পাটোওয়ালী এডভোকেট শামসুল আলম, এডভোকেট শাহাদাত, এডভোকেট মোজাফফর, এডভোকেট আরিফ ইন্জিনিয়ার বশির আহমদসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।
মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, যেভাবে নতুন নতুন ইস্যুর জন্ম দিয়ে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে তাতে ২০০৮ সালের আদলে ডিজিটাল কারচুপির নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে। তাই, ভোট গণনা কক্ষসহ নির্বাচনী সকল কার্যক্রমের শতভাগ সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে আনতে হবে। অবিলম্বে শহীদ হাদির খুনিদের বিচারের আওতায় আনতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
তিনি বলেন, নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত করতে জনগণকে উদ্বুদ্ধ করতে সরকারসহ সকল রাজনৈতিক দলকে ভূমিকা পালন করতে হবে। তাহলে আমরা আশা করতে পারি যে একটা সুষ্ঠু নির্বাচন পাবো।
মনোনয়ন পত্র দাখিল শেষে প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, চট্টগ্রাম-১০ আসনকে বাংলাদেশ একটি মডেল আসন হিসেবে উপহার দিতে চাই। ১০ আসনের সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে ইনশাআল্লাহ একটি ইনসাফ ভিত্তিক কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে চাই।”


