বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে হলে কিশোর গ্যাংসহ সব ধরনের সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ও প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে চান্দগাঁও থানা জামায়াতের স্থানীয় কার্যালয়ে আয়োজিত কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সমাজে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্ম ও সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। এ অবস্থায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
তিনি আরও বলেন, অবৈধ অস্ত্রের বিস্তার নির্বাচনকালীন সহিংসতা বাড়াতে পারে। তাই নির্বাচনের আগে অবিলম্বে কিশোর গ্যাংসহ সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, জামায়াতে ইসলামী সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসনের পক্ষে অবস্থান করে। তিনি রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ওমর গনি ও অন্যান্য নেতৃবৃন্দ।


