নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনের কাছে ব্যাখ্যা তলব করেছে ইলেক্টোরাল এনকোয়ারী ও এডজুডিকেশন কমিটি।
সোমবার (১২ জানুয়ারি) ইলেক্টোরাল এনকোয়ারী ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ স্বাক্ষরিত এক নোটিশে এ ব্যাখ্যা তলব করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, বিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যদের পক্ষে গত ১১ জানুয়ারি দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে—প্রতীক বরাদ্দ পাওয়ার পূর্বেই নাজমুল মোস্তফা আমিনের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মুজিবর রহমান লোহাগাড়া উপজেলার আধুনাগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রয়াত বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী বক্তব্য প্রদান করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন।
উক্ত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভোট গ্রহণের তারিখের তিন সপ্তাহ পূর্বে এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৩ ও ১৮ বিধির পরিপন্থী এবং নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন হিসেবে গণ্যযোগ্য।
এ প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের নিকট প্রতিবেদনসহ সুপারিশ প্রেরণ করা হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আগামী (বুধবার) ১৪ জানুয়ারি সকাল ১১টায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, সাতকানিয়া চৌকি আদালত, সাতকানিয়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


