চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের সাতকানিয়া উপজেলায় গণভোটের পক্ষে “হ্যাঁ” প্রচারণাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা শাখার নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি বিকেল আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন জামায়াতে ইসলামী মহিলা শাখার নেতাকর্মীরা। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি নারী কর্মীদের পথরোধ করে হেনস্তা করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা হলেন— মোঃ সাইফুদ্দিন (৩৩) ও আইয়ুব (৪৫)।
অভিযোগ অনুযায়ী, মহিলা শাখার আহ্বায়ক শাহিনা আক্তারকে অশালীন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে তার হিজাব ধরে অভিযুক্তরা টানাটানি করা হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। একই সঙ্গে গণভোটের পক্ষে প্রচারণা চালালে “ভালো পরিণাম হবে না” বলে হুমকি দেওয়া হয়। বিবাদীগণ আওয়ামী লীগের দোসর, ডেবিল, জুলাই আন্দোলনে বাঁধাগ্রস্থ কারী, এলাকার মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং বিশেষ করে সাধারণ নারীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার সমাজসেবা সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম দাবি করেন— এ ঘটনা নির্বাচনী আচরণ বিধিমালা (১০ নভেম্বর ২০২৫ গেজেট)-এর ১৫/ক ধারার সুস্পষ্ট লঙ্ঘন, যা শাস্তিযোগ্য অপরাধ।
তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অনুলিপি পাঠানো হয়েছে ইলেক্টোরাল এনকোয়ারী ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ) এবং সাতকানিয়া সেনা ক্যাম্পের কমান্ডারের কাছে।


