শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Single Top Banner

কলেজের সভাপতি পদে থাকতে পারবেন না সংসদ সদস্যরা

বিশেষ প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর পরিচালনা পর্ষদে (গভর্নিং বডি) সভাপতি পদে সংসদ সদস্যরা থাকতে পারবেন না।

সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এত দিন যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সাংসদদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

হাইকোর্টের গত বছরের ২৫ নভেম্বরের দেওয়া রায়ের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়টি বলছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বর্তমানে দায়িত্ব পালনরত সংসদ সদস্যদের জায়গায় বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

রিটের পূর্ণাঙ্গ রায়ে ফাজিল-কামিলসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সাংসদদের সভাপতি হিসেবে নিয়োগ বা মনোনয়ন সংবিধানের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিমত দেন হাইকোর্ট। সাতক্ষীরার শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের (কলেজ) পরিচালনা কমিটিতে সাতক্ষীরা-৪ আসনের সাংসদকে সভাপতি পদে দেওয়া মনোনয়ন বাতিল ঘোষণার পূর্ণাঙ্গ রায়ে এমন অভিমত রয়েছে।

সম্প্রতি বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের ২৫ নভেম্বর ওই রায় দেন। সম্প্রতি ছয় পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি হাতে পেয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী।

ওই রায় অনুসারেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিবৃতি দিয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত