সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Single Top Banner

রিহ্যাবে অভিযোগ ফি ৫ হাজার টাকা, এরপরও মিলছে না প্রতিকার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীতে আবাসন ব্যবসার নামে প্রতারণার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় আবাসন নির্মাণপ্রতিষ্ঠানগুলোর সংগঠন রিহ্যাবে অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এক ভুক্তভোগী।

অভিযোগে জানা যায়, রাউজান উপজেলার বাসিন্দা সাংবাদিক মো. নাছির উদ্দিন রকি ‘সিদরাত সাইফ ডেভেলপার এন্ড কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড’-এর সঙ্গে একটি আবাসিক ফ্ল্যাট ক্রয়ের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হন। প্রতিষ্ঠানটির পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় আবেদশাহ মাজার সংলগ্ন নির্মাণাধীন ১৭ তলা বিশিষ্ট “এস এস নূর কমপ্লেক্স”-এর পঞ্চম তলায় ১ হাজার ২৪৪ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট তিনি বুকিং দেন।

চুক্তি অনুযায়ী ফ্ল্যাটটির মূল্য নির্ধারণ করা হয় ৩৭ লাখ ৩২ হাজার টাকা এবং ইউটিলিটি চার্জ বাবদ আরও ২ লাখ টাকা। এ পর্যন্ত কিস্তিতে প্রায় ১০ লাখ টাকা পরিশোধ করেছেন তিনি। তবে অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় পার হলেও প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি এবং পরিশোধিত অর্থও ফেরত দিচ্ছে না।

ভুক্তভোগী সাংবাদিক জানান, একাধিকবার প্রতিষ্ঠানের অফিসে যোগাযোগ ও ধর্ণা দিয়েও কোনো সুরাহা পাওয়া যায়নি। পরবর্তীতে তিনি জানতে পারেন, যে ফ্ল্যাটটির সঙ্গে তার চুক্তি হয়েছে, একই ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বিক্রির প্রতিশ্রুতি দিয়ে অর্থ গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ।

তিনি আরও অভিযোগ করেন, শুধু তার ক্ষেত্রেই নয়—উক্ত প্রতিষ্ঠানের কাছ থেকে আরও কয়েকজন ব্যক্তি ফ্ল্যাট ও দোকান ক্রয়ের বিপরীতে সম্পূর্ণ বা আংশিক অর্থ পরিশোধ করেও এখন পর্যন্ত তাদের সম্পত্তি বুঝে পাননি। এমনকি “এস এস নূর কমপ্লেক্স”-এর একাধিক ফ্ল্যাট একই ইউনিট দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২৫ ফেব্রুয়ারি রিহ্যাবের চট্টগ্রাম কার্যালয়ে ৫ হাজার টাকা ফি পরিশোধ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তবে অভিযোগ জমা দেওয়ার এক মাস পার হলেও এখনো কোনো সুরাহা হয়নি বলে দাবি করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে সাংবাদিক নাছির উদ্দিন রকি বলেন, “যদি রিহ্যাব তাদের সদস্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের ব্যবস্থা নিতে না পারে, তাহলে এ সংগঠনের কার্যকারিতা কোথায়? অভিযোগ গ্রহণের নামে ৫ হাজার টাকা ফি নেওয়ার যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ।”
এ ঘটনায় চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। নজরুল ইসলাম নামে এক সাংবাদিক জানান, রিহ্যাবের এমন ভূমিকার বিরুদ্ধে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে রিহ্যাব কার্যালয় ও সংশ্লিষ্ট আবাসন প্রতিষ্ঠানের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

অভিযোগে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কাছে আবেদন জানানো হয়েছে, যেহেতু ‘সিদরাত সাইফ ডেভেলপার এন্ড কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড’ রিহ্যাবের তালিকাভুক্ত সদস্য প্রতিষ্ঠান, সেহেতু তাদের বিরুদ্ধে ওঠা প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

একই সঙ্গে ফ্ল্যাট যথাযথভাবে হস্তান্তর বা পরিশোধিত অর্থ সম্পূর্ণ ফেরত না দেওয়া পর্যন্ত “এস এস নূর কমপ্লেক্স”-এ সব ধরনের বিক্রয় ও নির্মাণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখারও দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে রিহ্যাব চট্টগ্রাম কার্যালয়ের ম্যানেজার বার্নাড বাবুল বলেন, “নাছির উদ্দিনের অভিযোগটি ভবন মালিকের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তবে এখনো তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। রিহ্যাবে অভিযোগ করতে ৫ হাজার টাকা ফি নেওয়ার বিষয়টি নিয়ম অনুযায়ী হয়ে থাকে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত