রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙ্গুনিয়ায় জোর করে জমি দখল, বাধা দিতে গিয়ে প্রবাসী পিতা-পুত্র আহত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমি দখলের কারণ জানতে চাওয়ায় দখলবাজদের হামলায় একাধিক মাদরাসা-মসজিদের প্রতিষ্ঠাতা , ছেলে ও মসজিদ কমিটির সদস্যসহ তিনজনের উপর হামলার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ উত্তর বনগ্রাম লালশাহনগর হাজী সমী উদ্দিন শাহ ফোরকানীয়া মাদ্রাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

জমি দখলকারী ও হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হামলায় আহত আইয়ুব শাহের ছেলে ডা. মোহাম্মদ রোবায়েত ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, একাধিক মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আইয়ুব শাহ (৬২) তার পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার মাদ্রাসায় আয়োজিত বাৎসরিক ফাতেহা মাহফিলে উপস্থিত হন। এ সময় তারা দেখতে পান, তাদের ক্রয়কৃত জমিতে স্থানীয় দুষ্কৃতিকারী সোয়েব কাদের, তার ভাই আরিফ ও পিতা ফজল কাদের তারকাঁটা দিয়ে জমি দখল করে রেখেছে।

এতে প্রতিবাদ করায় তারা জমির মালিক আইয়ুব শাহ, তার ছেলে জুবায়ের ইসলাম (২৭) ও ভাই ইদ্রিস (৪৮)-কে মাথা, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। এসময় হামলাকারীরা মাদ্রাসার নামে থাকা দুটি দোকানে ঢুকে ভাঙচুর চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য মুহাম্মদ জুনায়েদ ইসলাম রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংশ্লিষ্টরা জানান, হামলায় অভিযুক্ত সোয়েব ও ফজল কাদের স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত। গত বছরের ৫ আগস্টের পর থেকে তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও অভিযোগ ওঠে।

আহত প্রবাসী আইয়ুব খান বলেন, “ আমার কেনা জমি সন্ত্রাসী সোয়েব কাদেরসহ তার পরিবার জোর পূর্বক দখল করেছে। এতে প্রতিবাদ করায় আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। আমাদেরকে হত্যার উদ্দেশ্যে এমন হামলা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আইয়ুব শাহ, মোহাম্মদ জোনায়েদ, মোহাম্মদ আকবর ও মোহাম্মদ ইদ্রিসসহ অন্যান্যরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত