চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম. মনজুর আলম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন কি না—এ প্রশ্ন এখন বন্দর নগরীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মহলে এ নিয়ে জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়লেও এখনো পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি দলটির শীর্ষ নেতৃত্ব কিংবা মনজুর আলম নিজে।
আগামী বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবে এনসিপির উদ্যোগে আয়োজিত একটি বড় যোগদান অনুষ্ঠানকে ঘিরেই মূলত এই জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ওইদিন সহস্রাধিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলটিতে যোগ দিতে পারেন। একইসঙ্গে ‘চমক’ হিসেবে কয়েকজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের যোগদানের সম্ভাবনাও রয়েছে।
এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সাবেক মেয়র মনজুর আলমের নাম। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় এই অভিজ্ঞ রাজনীতিকের সম্ভাব্য অবস্থান পরিবর্তন নিয়ে নানা বিশ্লেষণ চলছে। বিশেষ করে নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির উত্থান এবং তরুণ প্রজন্মের মধ্যে এর প্রতি আগ্রহ—এই প্রেক্ষাপটে তার যোগদান বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দিচ্ছেন না এনসিপির নেতারা। দলটির চট্টগ্রাম মহানগর নেতারা জানিয়েছেন, কৌশলগত কারণে সম্ভাব্য যোগদানকারীদের নাম আগেভাগে প্রকাশ করা হচ্ছে না। অনুষ্ঠানেই বিষয়টি পরিষ্কার হবে বলে ইঙ্গিত দিয়েছেন তারা।
এদিকে, মনজুর আলমের ঘনিষ্ঠ মহল থেকেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে তিনি সত্যিই এনসিপিতে যোগ দিচ্ছেন, নাকি এটি শুধুই রাজনৈতিক গুঞ্জন—তা জানতে এখন চোখ রয়েছে বৃহস্পতিবারের অনুষ্ঠানের দিকে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি মনজুর আলমের মতো একজন অভিজ্ঞ নেতা এনসিপিতে যোগ দেন, তাহলে তা চট্টগ্রামের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।


