মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Single Top Banner

ইরানকে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত, পাল্টা দাবি তেহরানের

নিজস্ব প্রতিবেদক :

ইরানের সঙ্গে সম্ভাব্য একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে পাঁচটি মূল শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের প্রধান শর্তগুলোর একটি হলো—ইরানকে শুধুমাত্র একটি পারমাণবিক স্থাপনা চালুর অনুমতি দেওয়া।

এছাড়া যুক্তরাষ্ট্রের অন্যান্য শর্তের মধ্যে রয়েছে, কোনো ধরনের ক্ষতিপূরণ বা দণ্ড প্রদান না করা, যুক্তরাষ্ট্রের কাছে ৪০০ কিলোগ্রাম ইরানি ইউরেনিয়াম হস্তান্তর, জব্দ করা ইরানি সম্পদের ২৫ শতাংশও মুক্ত না করা এবং বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধবিরতির বিষয়টি আলোচনার চূড়ান্ত ফলাফলের ওপর নির্ভরশীল রাখা।

অন্যদিকে, ইরানের পক্ষ থেকে উত্থাপিত শর্তগুলোর মধ্যে রয়েছে লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করা, যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি।

প্রতিবেদনে আরও বলা হয়, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর জবাবে ইরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

পরে পাকিস্তান-এর মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। এরপর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত