শনিবার, ২৩ মে ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় বালুমহালের ইজারা বাতিল ও বালু উত্তোলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া বালুমহালের ইজারা বাতিল এবং হাঙ্গরখাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (২২ মে) বিকেল ৩টার দিকে স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে পদুয়া ইউনিয়নের সচেতন জনসাধারণের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উত্তর পদুয়া ও জঙ্গল পদুয়ার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর পদুয়ার বাসিন্দা, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ টেরীবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ নাছির উদ্দিন চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য আমানুল হক আমান মেম্বার, উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার হারুনুর রশিদ, ব্যবসায়ী জাহেদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ও অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের ফলে হাঙ্গরখাল, কৃষিজমি ও বসতভিটা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। এছাড়া এলাকার সড়কগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুরুত্বপূর্ণ হাঙ্গর ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বক্তারা বলেন, জনস্বার্থ উপেক্ষা করে কোনোভাবেই বালু উত্তোলন চলতে দেওয়া যাবে না। দ্রুত সময়ের মধ্যে উত্তর পদুয়া বালুমহালের ইজারা বাতিল এবং হাঙ্গরখাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানান তারা।

এ বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন উত্তর পদুয়া ও জঙ্গল পদুয়ার সচেতন জনসাধারণ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত