চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ধর্ষণচেষ্টার শিকার চার বছর বয়সী শিশুটিকে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
শুক্রবার (২২ মে) সকাল ১১টায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে গিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা প্রদান করেন।
পরিদর্শনকালে নগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “শিশুটি এখনো ভীতসন্ত্রস্ত, তার পরিবারও আতঙ্কিত। আমরা তাদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছি। একটি নিষ্পাপ শিশুর প্রতি এ ধরনের নৃশংস ও অমানবিক ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। আমি কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গেও কথা বলেছি। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”
তিনি আরও বলেন, সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ, জামায়াত নেতা মুহাম্মদ ইলিয়াসসহ স্থানীয় নেতৃবৃন্দ।


