সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১৩২ জন।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হাম পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে। পাশাপাশি শিশুদের টিকাদান কর্মসূচি আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে হাম প্রতিরোধী টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চিকিৎসকরা বলছেন, জ্বর, শরীরে লালচে দানা, কাশি, সর্দি ও চোখ লাল হওয়া হামের সাধারণ উপসর্গ। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।


