ঢাকার মিরপুরে শিশু রামিসা হত্যার ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “কাজী নজরুল ইসলাম মানেই বাংলা সাহিত্যে এক রুচির বিপ্লব। তিনি তাঁর কবিতা ও সাহিত্যে বিদ্রোহ, মানবতা ও ন্যায়ের চেতনা তুলে ধরেছেন।”
তিনি বলেন, “দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধু দেশের অর্থসম্পদ ও মানুষের অধিকারই লুট করেনি, বিচারবিভাগসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মানবতা, মানবিকতা এবং দেশের আবহমান ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের।”
মিরপুরে শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “এই নিষ্ঠুর ঘটনা প্রমাণ করে সমাজে মানবিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয় ঘটেছে। শিশু ও নারী নির্যাতনের মতো ঘটনা বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। আর সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে আর কেউ কোনো শিশু বা নারীর ওপর এমন বর্বর নির্যাতন চালানোর সাহস না পায়।”


