পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করতে এবং সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উত্তর আমিরাবাদ (চট্টলাপাড়া) নবজাগরণ সংঘ। আজ সকাল ৯টা থেকে স্থানীয় একটি অস্থায়ী ক্যাম্পে দিনব্যাপী এই ‘ফ্রি চিকিৎসা ক্যাম্প কর্মসূচি’ শুরু হয়েছে।
ঈদ পুনর্মিলনী উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই ক্যাম্পে এলাকার শতশত অসহায়, দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসাসেবা প্রধান করা হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি (কুতুব উদ্দিন)তার স্বাগত বক্তব্যে বলেন,ঈদের মূল শিক্ষাই হলো ত্যাগের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানো। আমরা শুধু নিজেরা আনন্দ করার জন্য ঈদ পুনর্মিলনী করিনি; বরং এলাকার সুবিধাবঞ্চিত ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। তরুণ সমাজ যদি এভাবে এগিয়ে আসে, তবে আমাদের সমাজে কোনো মানুষই চিকিৎসার অভাবে কষ্ট পাবে না। নবজাগরণ সংঘ আগামীতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক (দিদার হোসেন) তার বক্তব্যে যুবসমাজকে উদ্বুদ্ধ করে বলেন:
”আমাদের এই ফ্রি ক্যাম্প আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে এবং আমরা লক্ষ্য করছি মানুষের অভূতপূর্ব সাড়া। চিকিৎসাসেবা পাওয়ার পর রোগীদের মুখের হাসিই আমাদের এই পরিশ্রম সার্থক করেছে। আমাদের ক্লাবের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে আজ এই ক্যাম্প সফল হয়েছে। ভবিষ্যতেও আমরা তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”
চট্রলাপাড়া আজিজিয়া আদর্শ মাদ্রাসার পরিচালক, মাওলানা আব্দুল্লাহ আমিন আজহারী তরুণদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন ,আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। ঈদের ছুটিতে যখন সবাই আনন্দ-উৎসবে ব্যস্ত, তখন উত্তর আমিরাবাদ নবজাগরণ সংঘের ছেলেরা যেভাবে সাধারণ মানুষের চিকিৎসায় এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের মহতী উদ্যোগ পুরো এলাকার জন্য একটি দৃষ্টান্ত। আমরা আশা করি, এলাকার বিত্তবানরা এসব তরুণদের পাশে দাঁড়াবেন যেন তারা আরও বড় পরিসরে এমন কাজ করতে পারে।”
ক্যাম্পে আগত রোগীদের সেবা দেওয়ার পর কর্তব্যরত ডাক্তার আবু হেনা মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ বলেন,শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা পাওয়া বেশ কঠিন ও ব্যয়বহুল। নবজাগরণ সংঘের এই আমন্ত্রণ পেয়ে আমি সানন্দে চলে এসেছি। আজ আমরা এখানে সাধারণ রোগ নির্ণয়, রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস স্ক্রিনিং এবং প্রয়োজনীয় সেবা দিচ্ছি, যুবসমাজের এই মানবিক উদ্যোগের অংশ হতে পেরে একজন চিকিৎসক হিসেবে আমারও খুব ভালো লাগছে।”
স্থানীয় একজন অসহায় রোগী আবেগাপ্লুত হয়ে বলেন,ঈদের পর হঠাৎ শরীরটা খুব খারাপ লাগছিল, কিন্তু টাকার অভাবে ডাক্তারের কাছে যেতে পারছিলাম না। আজ এই ক্লাবের বাবারা আমাদের ফ্রিতে ডাক্তার দেখাল, আমাদের মতো গরিবের জন্য এই ফ্রি ক্যাম্প অনেক বড় উপকার করেছে। আল্লাহ এই ছেলেদের মঙ্গল করুক।
দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে এলাকার সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি তরুণদের উৎসাহিত করতে একটি বিশেষ বুথও পরিচালনা করছে উত্তর আমিরাবাদ (চট্টলাপাড়া) নবজাগরণ সংঘ।


